বুড়িচংয়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ ঘন্টা আগে

Spread the love

অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিবাদের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর আরোপিত বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
সোমবার (৮ জুন) সকালে উপজেলার বসুন্ধরা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানানো হয়।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি মাওলানা জাকারিয়া খানের সভাপতিত্বে এবং হাফেজ মাসুদ মৈশানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ মো. নুরুজ্জামান, মাওলানা মো. আব্দুর রউফ, মাওলানা মো. ওমর ফারুক, মাস্টার মো. মনিরুল ইসলাম, মাওলানা ওমর ফারুক সোহেল, অধ্যাপক মো. আসাদুজ্জামান, মো. সোলেমান পাটোয়ারী ও মো. শরিফুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। তারা অবৈধ চেয়ারম্যানের অপসারণ এবং গ্রাহকদের স্বার্থবিরোধী সব সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশ নেন।
এ সময় বক্তারা এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এবং ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
মানববন্ধন শেষে আয়োজকরা তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

  • বুড়িচং