কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ও ইন্টেরিয়র ডিজাইনার সাবিনা আফরোজ। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়। সাবিনা আফরোজ পূর্বে কলেজটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কলেজের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট আমীর হোসেন এবং কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আর কিউ কানিজে জোবেদার পুত্র মেরিন ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদের সহধর্মিণী। সভাপতি নির্বাচিত হওয়ার পর সাবিনা আফরোজ বলেন, এই কলেজ আমার পরিবারের গর্বের একটি অংশ। কলেজটির প্রতিষ্ঠায় আমার শ্বশুর এডভোকেট আমীর হোসেনের যে স্বপ্ন ও ত্যাগ জড়িয়ে আছে, তা বাস্তবায়নে ভূমিকা রাখার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। একজন শিক্ষানুরাগী হিসেবে আমি সবসময়ই বিশ্বাস করি—শিক্ষা কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একজন মানুষের সামগ্রিক বিকাশের মূল ভিত্তি। আমি চাই এই কলেজটি একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হোক। একাডেমিক মানোন্নয়নের পাশাপাশি একটি সুশৃঙ্খল, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ার পরিবেশ তৈরি করাই হবে আমার অগ্রাধিকার। তিনি আরও বলেন, কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা কাজ করবো। আশা করি সবার সহযোগিতায় শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজ আগামী দিনে আরও উজ্জ্বল অধ্যায়ে প্রবেশ করবে। তার এই দায়িত্বপ্রাপ্তিতে কলেজ সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষক, শিক্ষানুরাগী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষার প্রতি তার আগ্রহের কারণে অনেকেই আশা করছেন-সাবিনা আফরোজের নেতৃত্বে কলেজটি নতুন উচ্চতায় পৌঁছাবে।