কুমিল্লায় ১৫ ও ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পালাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাজা এড়াতে প্রায় ছয় বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি।
রোববার ( ১৮ অক্টোবর ) জেলার চান্দিনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাসান ( ৩০ )। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাসানের বিরুদ্ধে ডাকাতি মামলায় ১৫ বছর ও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পৃথক সাজা পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও চারটি গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলার পরোয়ানা রয়েছে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই ) ডি. এম. এ. মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলার চান্দিনা থানার কালিয়ারচর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।