ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে দুলালপুর বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
দুলালপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় প্রথমে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দুলালপুর বাজার ও আশপাশের এলাকা এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিএনজি স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি। সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুলালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবদুর রহিম অপু।
সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুলালপুর সুরুজ মিঞা এন্ড খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রহমান তালুকদার, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল, উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন, এসআই মো. রফিকুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম সরকার, দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাজী মো. আব্দুল হান্নান সরকার, দুলালপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি সদস্য মো. আবুল বাশার ও মো. বিল্লাল হোসেন।
এ ছাড়া ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মো. আজাদ মিয়া, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহীদুল ইসলাম মৈশান, যুবদল নেতা আমীন মৈশান, আলমগীর হোসেন, রানা সরকার, ছাত্রদল নেতা মো. সোহেল রানাসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

  • ব্রাহ্মণপাড়া