কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বসতবাড়িতে সবজি বাগান, কমিউনিটি হোমস্টেড গার্ডেন এবং গ্রামীণ নারীদের পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার সবজি বীজ, ফল ও সজনে গাছের চারা এবং ভার্মি কম্পোস্ট সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে ওই কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে কৃষি উপকরণ তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, বসতবাড়িতে সবজি বাগান স্থাপনের জন্য ১২টি প্রদর্শনীর আওতায় ১৮ প্রকারের সবজি বীজ, তিনটি করে সজনে গাছের চারা এবং ২০ কেজি করে ভার্মি কম্পোস্ট সার বিতরণ করা হয়েছে।
এছাড়া সম্প্রদায়ভিত্তিক বাগান (কমিউনিটি হোমস্টেড গার্ডেন) স্থাপনের জন্য ২৪টি প্রদর্শনীর বিপরীতে ১৮ প্রকারের সবজি বীজ, একটি করে প্লাস্টিকের নেট এবং ৪০ কেজি করে ভার্মি কম্পোস্ট সার দেওয়া হয়।
অন্যদিকে গ্রামীণ নারীদের পুষ্টি বাগান স্থাপনের জন্য ১৪টি প্রদর্শনীর আওতায় ১৮ প্রকারের সবজি বীজ, ছয়টি করে ফলদ গাছের চারা এবং ৪০ কেজি করে ভার্মি কম্পোস্ট সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুখলেসুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবদুল মান্নান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শামিমুল ইসলামসহ বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন বলেন, বসতবাড়ির আঙিনা ও অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ কাজ করছে। এ ধরনের উদ্যোগ পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রির মাধ্যমে কৃষক পরিবারের আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।