কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আইসিটি ইন এডুকেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ও মো. জয়নাল আবেদীন।
কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন। এতে উপজেলার আটটি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতি, ডিজিটাল কনটেন্ট ব্যবহার এবং শ্রেণিকক্ষে তথ্যপ্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, শিক্ষার মানোন্নয়নে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের আরও আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।