কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে দুটি সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় অভিযান চালায়। এ সময় শশীদল-বড়ধুশিয়া সড়কের রহিম মাস্টারের বাড়ির সামনে থেকে ৬ কেজি গাঁজাসহ মো. শাকিল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল আহসান ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে দুটি সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেলকে (৫০) গ্রেপ্তার করা হয়। তিনি নাইঘর গ্রামের বাসিন্দা ও হোসাইন মটরসের স্বত্বাধিকারী।
এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’