কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস মধ্যপাড়া গ্রামের চোখের ক্যানসারে (রেটিনোব্লাস্টোমা) আক্রান্ত ছয় মাস বয়সী শিশু সাজিদের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ পরিবার। কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীর উদ্যোগে সংগৃহীত নগদ ৩১ হাজার টাকা শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা সাজিদের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় তারা ভবিষ্যতেও শিশুটির চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল কুদ্দুছ, মোঃ জয়দল হোসেন, প্রীতি লতা দাশ, খালেকুর রহমান, মোসাম্মাৎ পারভীন আক্তার, বিশ্বজিৎ সাহা, প্রবাল কুমার দে, মোহাম্মদ শফিউল্লাহ, প্রভাষক মোঃ ইমান হোসেন, নাজমুল হক, মজিবুর রহমান, অলি উল্লাহ, সুমি রাণী চক্রবর্তী, সিপিয়া পাল, কাজী এনামুল হক, বিপিএড ফখরুল ইসলাম মজুমদারসহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
এসময় প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, “একটি শিশুর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের এগিয়ে আসা উচিত। আমরা চাই সাজিদ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।”
আবেগঘন কণ্ঠে সাজিদের বাবা হালিম মিয়া বলেন, “আমি একজন অটোরিকশাচালক। যা আয় করি, তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। ছেলের চিকিৎসার ব্যয় বহন করা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এমন কঠিন সময়ে যাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।”
স্থানীয়রা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ শুধু একটি পরিবারের কষ্ট লাঘব করে না, সমাজে মানবতার বার্তাও ছড়িয়ে দেয়। তারা ছোট্ট সাজিদের সুস্থতার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।