কুমিল্লা-টু-মীরপুর আঞ্চলিক সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় সরকারি খালে রিসোর্ট নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, স্থাপনা আংশিক ভেঙে দেওয়া এবং জরিমানা করার পরও নির্মাণকাজ বন্ধ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খালের জায়গা দখল করে সেখানে একটি রিসোর্ট নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রতিনিয়ত চলমান রয়েছে নির্মাণকাজ। এ বিষয়ে রিসোর্টের মালিক বাশার মিয়া বলেন, “আমি অনুমতি নিয়েই কাজ শুরু করেছি। এ বিষয়ে কোনো কথা থাকলে এসিল্যান্ডের সঙ্গে কথা বলতে পারেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খালে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি নজরে আসার পর কয়েক দফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ অংশ ভেঙে ফেলা এবং জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বড়ধুশিয়া এলাকার মানুষ জানান, স্থানীয় এক নেতাকে বাসার এবং জায়গার মালিক ২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছে। নেতার আশ্বাসে বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছে বাসার। এদিকে সরকারি সম্পত্তি রক্ষায় দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, সরকারি জায়গায় ব্যাক্তিগত ব্যবসায়ি প্রতিষ্ঠান নির্মান করার কোন সুযোগ নাই। অচিরেই বড়ধুশিয়া এলাকায় সরকারি খালের উপর নির্মানাধীন অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।