কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকের বিরুদ্ধে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ ও মাদক কে না বলে লাল কার্ড প্রদর্শন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চান্দলা কে বি হাইস্কুল এন্ড কলেজ মাঠে এর আয়োজন করা হয়।
এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, চান্দলা ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক ও চান্দলা কে বি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শফিকুল ইসলাম বাবুল। খেলা পরিচালনা করেন আব্দুল মমিন মাস্টার, সুমন মিয়া ও এলেম খান।
খেলায়, চান্দলা ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে ব্রাহ্মণপাড়া সদর ফুটবল একাডেমি জয় লাভ করেন। খেলা শেষে খেলোয়াড়, দর্শক ও অতিথিরা লাল কার্ড প্রদর্শন করে মাদককে না বলেন। এসময় খেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম মাদকের বিরুদ্ধে সকলকে শপথবাক্য পাঠ করান। পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্ত হয়।