কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চার শিক্ষার্থী প্রথমবারের মতো বাংলাদেশ কাব স্কাউটের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছেন। তাদের এ অর্জনে উপজেলা জুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ স্কাউটস ২০২৬ সালের ১৭ মে চূড়ান্ত মূল্যায়নের পর সারাদেশে মোট ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটকে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করে ফলাফল প্রকাশ করে।
মনোনীত চার শিক্ষার্থী হলেন—উত্তর শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাব্বির সরকার, টাকুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজী শোয়াইব আহমেদ, বেড়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মরিয়ম খান ও রাইয়ান হাসান।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনোনীত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাদের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন এবং সহকারী শিক্ষক আনোয়ার হোসেন পাশা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের এ অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য আরও বড় অবদান রাখবে বলে আমরা আশাবাদী।”
তিনি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।