ব্রাহ্মণপাড়ায় কৃষিজমির মাটি কাটা ও অবৈধ ড্রেজার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

লেখক: Sohel Islam
প্রকাশ: ২ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কাটা এবং অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি রক্ষা, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধ এবং ড্রেজার মেশিনের অবৈধ ব্যবহার প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এতে দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা ঝুঁকির মুখে পড়ছে। এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা এবং ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনিক নজরদারি জোরদার এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গণি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল মান্নান, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, শিদলাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার সরকারসহ বিভিন্ন দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তারা এবং কমিটির সদস্যরা।

  • ব্রাহ্মণপাড়া