কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক প্রবাসী পরিবারের ঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘর থেকে টেলিভিশন, সিসি ক্যামেরার সরঞ্জাম, বিদেশি লাইট, কম্বল, মূল্যবান কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল চুরি হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোররাত চারটার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের তালুকপাড়া (জল ও জোছনায়)। চোরচক্র ঘরে প্রবেশ করে মালামাল লুটের পাশাপাশি সিসি ক্যামেরা ও তারসহ বিভিন্ন সরঞ্জামও নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের স্বজন আনাছ বিন ফারুক তার লিখিত অভিযোগে জানান, ঘরের মালিক জুনায়েদ আহাম্মেদ একটি প্রসিদ্ধ শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে ঢাকায় ও বিভিন্ন সময়ে দেশের বাইরে পরিবার নিয়ে বসবাস করেন। দেশে থাকলে
তিনি তার গ্রামের বাড়ী (জল ও জোসনা)য় এসে পরিবার নিয়ে থাকেন। ঘটনার দিন বাড়ীতে কেউ ছিল না। সকালে প্রতিবেশীরা ফোনে ঘরের তালা খোলা অবস্থায় দেখতে পান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরের তালা ভাঙা এবং ঘরে থাকা দামি আসবাবপত্রসহ অনেক জিনিসপত্র চুরি হয়েছে।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে—৫৬ ইঞ্চি টেলিভিশন, ক্যামেরার সরঞ্জাম, সাত-আটটি বিদেশি লাইট, আটটি বিদেশি কম্বল, দামি কাপড়চোপড়, পাঁচটি সিসি ক্যামেরা ও বৈদ্যুতিক তার।
এ ঘটনায় আনাছ বিন ফারুক ব্রাহ্মণপাড়া থানায় অজ্ঞাতপরিচয় চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সবুর জানান, চুরি হওয়া মালামাল উদ্ধার ও চুরি সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।