ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ২ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ হাজার ৫৭৫ পিস ভারতীয় বাজি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত চারজন আসামি এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে ছয়জনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ও মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের হাজারী বাড়ি (আবুল ফকির বাড়ি) এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা লাল চাঁদ বাদশার (৪৩) বসতঘরের সামনে থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
একই দিন রাত সোয়া ৯টার দিকে এসআই মো. তারেক আজিজ ও এএসআই মো. নুর-আল-আহসান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শশীদল গার্লস হাইস্কুলের সামনের পাকা সড়কে অভিযান চালান। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তির ফেলে যাওয়া ১০ হাজার ৫০০ পিস ভারতীয় ‘স্টার রেইন ইলেকট্রিক স্পার্কলার্স’ এবং ৭৫ পিস ‘কালার কালেকশন’ বাজি উদ্ধার করা হয়।
এদিকে, সোমবার এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার নাইঘর এলাকার নোয়াপাড়া, রাজ্জাক সর্দার বাড়ির বাসিন্দা মো. মাহাবুব আলমকে গ্রেপ্তার করে। তিনি একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ ছিল।
মঙ্গলবার এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল অভিযান চালিয়ে উপজেলার বাগড়া পশ্চিমপাড়ার বাসিন্দা খোদেজা বেগমকে গ্রেপ্তার করে। তিনি দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অর্থদণ্ড অনাদায়ে তার আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।
অন্যদিকে, মঙ্গলবার এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই মো. ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নেত্রকোনার দুর্গাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে সাহেবাবাদ বাজারের আলী মন্দের বাড়ির বাসিন্দা মো. মোহন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দুটি সাজা-সংক্রান্ত ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া সোমবার এসআই মো. জালাল উদ্দিন, এসআই আল-আমিন, এসআই রূপম কুমার নাথ ও এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক সেবনের অপরাধে ছয়জনকে আটক করে। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ও উদ্ধার-সংক্রান্ত এসব অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া