কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ১ জন, চুরি মামলার তদন্তে প্রাপ্ত ৩ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ২ জন আসামি রয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৫নং দুলালপুর ইউনিয়নের গোপালনগর থেকে নাল্লাগামী পাকা সড়কের পাশে রুকু ভূঁইয়ার পুকুরপাড় সংলগ্ন এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ বিল্লাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, একই দিনে এসআই মোঃ মাহতাব হোসাইনের নেতৃত্বে আরেকটি বিশেষ অভিযানে চুরি মামলার তদন্তে প্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মোঃ আব্দুল আজিজ (১৯), মোঃ সাইফুল ইসলাম (২০) ও মোঃ সজিব মিয়া (২১)। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা রয়েছে।
অন্যদিকে, এএসআই মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে পুলিশের পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আনোয়ার হোসেন (৩৬) এবং এএসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে অপর এক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আলম (৩৯)কে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।