সড়কের পাশে তিনটি পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা এলাকার হাসপাতাল সংলগ্ন ব্রাহ্মণপাড়া-দুলালপুর-গোপালনগর সড়কের পাশে অবস্থিত এসব খামার থেকে ছড়ানো দুর্গন্ধে পথচারী ও যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা দ্রুত এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
সরেজমিন এলাকা ঘুরে জানা যায়, বেজুরা এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম ওই এলাকায় তিনটি পোল্ট্রি ফার্ম পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, তিনি খামারের বিষ্ঠা নিয়মিত পরিষ্কার না করে তা খামারের নিচের পুকুরের মাছের খাদ্য হিসেবে ব্যবহার করছেন। পাশাপাশি খামারের মৃত মুরগি ও বিভিন্ন বর্জ্য নিয়মিত পাশের খালে ফেলছেন বলে খালের পানি দূষিত হয়ে পড়েছে। এতে খালের মাছ মরে ভেসে উঠছে এবং আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
সড়কের পাশের খাল ও খামারের আশপাশ এলাকায় তীব্র দুর্গন্ধ বিরাজ করছে। খামারের বর্জ্যে খালের পানির রং কালচে হয়ে গেছে এবং পানির ওপর মৃত মাছ ভাসতে দেখা গেছে। পথচারী ও স্থানীয়রা পোল্ট্রি ফার্মের পাশ দিয়ে চলাচলের সময় নাক-মুখ ঢেকে চলাচল করছেন।
ওই এলাকার বাসিন্দা রমিজ মিয়া জানান, দীর্ঘদিন ধরে আমরা দুর্গন্ধের মধ্যে বসবাস করছি। ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও রেহাই পাচ্ছি না। এতে আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়ে পড়েছে। আমাদের বাড়ির শিশুরা তীব্র দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে। পোল্ট্রি ফার্মগুলোর দুর্গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। আমাদের ছোট ছোট বাচ্চারা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে। পোল্ট্রি ফার্মগুলো এতটাই দুর্গন্ধ ছড়াচ্ছে যে বাড়ি ঘরে থাকার মতো অবস্থা নেই।
সড়কে চলাচলকারী কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, দুর্গন্ধে এ সড়কে চলাচল করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমরা এর প্রতিকার চাই। এ ব্যাপারে অভিযুক্ত খামার মালিক শরিফুল ইসলাম বলেন, খামারগুলো আমি যতটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এ প্রতিনিধিকে বলেন, আমি বেশ কিছু অভিযোগ পেয়েছি এ তিনটি পোল্টি ফার্মের বিরুদ্ধে। খুব শিগ্রই এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।