ব্রাহ্মণপাড়ায় দুঃস্থ ২০ নারীকে ক্ষুদ্র ঋণ বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুঃস্থ মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে রাজস্ব বাজেটের আওতায় ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন দুঃস্থ মহিলাকে ২৫ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার ঋণের চেক প্রদান করা হয়। চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও মাহমুদা জাহান বলেন, “দুঃস্থ ও অসহায় মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। অবহেলিত ও বঞ্চিত নারী জনগোষ্ঠীর আত্মসচেতনতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং উৎপাদনশীলতায় সম্পৃক্ত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।” উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন জানান, সেলাই মেশিন ক্রয়, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা, মৎস্যচাষ ও নার্সারিসহ বিভিন্ন আয়বর্ধক কর্মসূচিতে এই ঋণ সহায়তা প্রদান করা হয়। এরই অংশ হিসেবে ২০ জন মহিলাকে ২৫ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া