ব্রাহ্মণপাড়াকে মাদক ও জুয়ামুক্ত করতে চাই: বিএনপি নেতা বাবুল

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল বলেছেন, তার জীবনের অন্যতম লক্ষ্য হলো সমাজ থেকে মাদক ও জুয়া সম্পূর্ণভাবে নির্মূল করা। তিনি মনে করেন, মাদক ও জুয়া শুধু ব্যক্তিকে নয়, পরিবার, সমাজ ও দেশকেও ধ্বংস করে দেয়। তাই এ ধ্বংসের পথ রোধ করতে হলে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। তিনি দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সহ-সম্পাদক মো. আনোয়ারুল ইসলামকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, “মাদক ও জুয়া আজ আমাদের সমাজের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। তরুণ সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে, পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে। আমি চাই, আমার নিজ এলাকায় আর কোনো তরুণ মাদকের কারণে অকালমৃত্যুর শিকার না হোক, কোনো পরিবার জুয়ার কারণে নিঃস্ব না হোক।” তিনি আরও বলেন, “আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করছি। কারণ, মানুষের সামর্থ্যের বাইরে যে শক্তি, তা একমাত্র আল্লাহই দিতে পারেন। পাশাপাশি আমি রাষ্ট্রীয় প্রশাসনের সহযোগিতা চাই-উপজেলা প্রশাসন, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি আন্তরিকভাবে এগিয়ে আসে তবে সমাজ থেকে মাদক ও জুয়া দূর করা সম্ভব হবে।” দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে মনিরুল আলম বাবুল বলেন, “এ লড়াই শুধু কোনো দলের নয়, এটি সমাজ রক্ষার লড়াই। তাই সকল মানুষকেই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই যদি একসঙ্গে মাদক ও জুয়ার বিরুদ্ধে বলি ‘না’, তাহলে এগুলো টিকতে পারবে না।” নিজ ইউনিয়নের প্রতি বিশেষ আহŸান জানিয়ে তিনি বলেন, “আমি দুলালপুর ইউনিয়নবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে সহযোগিতা করুন। যদি আপনারা পাশে থাকেন তবে আল্লাহর ইচ্ছায় আমরা মাদক ও জুয়া নির্মূল করতে পারব। আমরা একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ দুলালপুর গড়ে তুলতে পারব।” তিনি সাক্ষাৎকারের এক পর্যায়ে দোয়া চেয়ে বলেন, “হে আল্লাহ, তুমি আমাকে এ মহৎ কাজের জন্য সাহায্য করো। তুমি আমার শক্তি হও। আমি চাই সুন্দর, ন্যায়ভিত্তিক, মানবিক একটি ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে।” মনিরুল আলম বাবুল বিশ্বাস করেন, রাজনৈতিক নেতা হিসেবে জনগণের জন্য কাজ করাই তার মূল দায়িত্ব। তিনি বলেন, “রাজনীতি মানে মানুষের সেবা। যদি আমি রাজনীতির মাধ্যমে সমাজকে মাদক ও জুয়ামুক্ত করতে পারি, তবে আমার রাজনীতি সফল হবে। আমি চাই আমার সন্তান-সন্ততিরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ ও সুন্দর সমাজে বেড়ে উঠুক।

  • ব্রাহ্মণপাড়া