ব্রাহ্মণপাড়ায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমান স্মৃতি হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শনিবার (১৯ জুলাই) বিকেলে শশীদল বাসুদেব মাঠে শশীদল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়। শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জসিম উদ্দিন। ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী এ টি এম মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী আমির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সদস্য সচিব মো. কবির আহাম্মদ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মো. মহসিন কবির সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু। ফাইনাল খেলায় মুখোমুখি হয় আশাবাড়ি ফুটবল একাদশ বনাম শংকুচাইর ফুটবল একাদশ। জমজমাট এ ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়, যেখানে শংকুচাইর ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা জয় করে আশাবাড়ি ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ফাইনাল খেলায় ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ দুই উপজেলার প্রায় ১০ হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনা। এ আয়োজনের মধ্য দিয়ে ফুটবলপ্রেমী জনগণের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসে এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন উপস্থিত নেতৃবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া