ব্রাহ্মণপাড়ায় বেগুন লেবু শসায় বাড়তি দাম কাটছে না তেলের সংকট

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভোজ্যতেলের সংকট চলছে তিন মাস ধরে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছে না কিছুতেই। এর মধ্যে শুরু হয়েছে রোজা। ফলে বাজারে বেড়ে গেছে তেল, ছোলা, মাংস, মুরগি, শসা, লেবু, বেগুনসহ বিভিন্ন পণ্যের চাহিদা। এতে এসব পণ্যের দাম বেড়েছে আরেক দফা। এ ছাড়া তরল খোলা দুধের দামও বাড়িয়েছেন বিক্রেতা ও সরবরাহকারীরা। যাঁরা আগে প্রতি লিটার ৬০ টাকা রাখতেন, তাঁরা এখন ৮০ টাকা এবং যাঁরা আগে ৭০ টাকা রাখতেন, তাঁরা ১০০ টাকা রাখছেন। রোজার বাজারে এমন পরিস্থিতিতে সবজিতে চাহিদার শীর্ষে থাকে বেগুন। রোজার তিন দিনে তাই বেগুনের দাম যথারীতি বেশ বাড়তি। কেজিতে ৬০ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। বেগুনের সঙ্গে সঙ্গে শসার দামও কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা, বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা কেজি, যা শনিবার ছিল ২০ থেকে ৪০ টাকা। গত দুইদিনে লেবুর দাম নতুন করে না বাড়লেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। প্রতি হালি বড় আকারের লেবুর দাম ৭০ থেকে ৮০ টাকা। মাঝারি আকারের লেবু কিনতে ক্রেতার খরচ হচ্ছে হালিতে ৬০-৭০ টাকা।উপজেলার দুলালপুর বাজারের সবজি বিক্রেতা মো. মোবারক হোসাইন বলেন, বাজারে লেবু, শসা ও বেগুনের ক্রেতা দ্বিগুণ হয়েছে। ফলে দামও বাড়তি। তবে অন্য সব সবজির দাম এখনো কম রয়েছে। রোজায় যেসব পণ্যের চাহিদা বাড়ে, এমন পণ্যের মধ্যে ছোলা, চিনি, ডাল, মাংস ও মুরগির দাম বেড়েছিল আগেই। এখনো বিক্রি হচ্ছে সেই বাড়তি দামেই। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিনই উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানে মুদির দোকান, কাঁচা শাক-সবজি ও তরকারির বাজার, ফলের বাজারসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে মূল্য পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়া দোকানসমূহে বিভিন্ন পন্যের ভাউচার দেখে ক্রয়মূল্যের সাথে বিক্রয়মূল্যের সামঞ্জস্যতা মূল্যায়ন করা হয়। দৃশ্যমান স্থানে পন্যের মূল্যের তালিকা প্রদর্শনের আইনানুগ বাধ্যবাধকতার বিষয়ে সচেতন করা হয়। অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তিনি বলেন, ইফতারি সামগ্রী প্রস্তুতে কোনো ধরনের রং, পোড়া তেল ব্যবহার করা হচ্ছে কিনা এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে তা ঢেকে রাখা হচ্ছে কিনা পরিদর্শন করার পাশাপাশি নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত আছে।

  • ব্রাহ্মণপাড়া