ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ১১ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা মূল্যের ভারতীয় বাসমতি চাউল, লোশন ও বিভিন্ন ব্রান্ডের বাজি আটক করা হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সাড়ে ৭টার দিকে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম। এ সময় তাঁকে সহযোগিতা করেন শশীদল বিওপির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা। অভিযানে ভারতীয় বাসমতি চাউল, জনশন বেবি লোশন, কালার কালেকশন বাজি, টেমপল বাজি, ফেন্সি চকলেট বাজি, ওয়াও স্টার ড্যান্স বাজি ও ভারতীয় ফুসকা আটক করা হয়। যার বাজার মূল্য ১১ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা। পরে জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যায় চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেয়। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া