কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজ পরিদর্শন করেছেন কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া নির্বাচনী আসনের এমপি মোঃ জসিম উদ্দিন।
এ সময় তিনি জামতলী এলাকার হুতুইন্না খালের ওপর নির্মিত কাঠের সাঁকোর পরিবর্তে আগামী ডিসেম্বর মাসের মধ্যে একটি পাকা সেতু নির্মাণের ঘোষণা দেন।
গত শুক্রবার (১৯ জুন) মাধবপুর ইউনিয়নের বাড়ানী ভাঙা ব্রিজ থেকে জামতলী এলাকার খালেক সাহেবের বাড়ি এবং ইকবাল ভূঁইয়ার বাড়ি পর্যন্ত সড়ক পরিদর্শন করেন এমপি মোঃ জসিম উদ্দিন।
পরে তিনি জামতলী এলাকায় হুতুইন্না খালের কাঠের সাঁকো পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এমপি মোঃ জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন। মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে হুতুইন্না খালের ওপর একটি পাকা সেতু নির্মাণ করা হবে। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, মাধবপুর ইউনিয়নের উন্নয়নই আমাদের লক্ষ্য। ইউনিয়নের যেসব সড়ক এখনো কাঁচা রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো পাকা করা হবে। পাশাপাশি ঝরাঝীর্ণ ও ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কারকাজও হাতে নেওয়া হবে।
পরিদর্শনকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক হাজী আলাউদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।