ব্রাহ্মণপাড়ায় দেড় ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় গ্রামের গেদু মেম্বার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
মৃত দুজন হলেন হুড়ারপাড় গ্রামের গেদু মেম্বার বাড়ির মরহুম আসকর আলীর ছেলে জয়নাল আবেদীন জনু (৭০) ও তাঁর বড় ভাই আব্দুল জলিল (৯০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান আব্দুল জলিল। তাঁর মৃত্যুর দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে মারা যান ছোট ভাই জয়নাল আবেদীন জনু। পরপর দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনেরা শোকাহত হয়ে পড়েন। খবরটি ছড়িয়ে পড়লে পুরো হুড়ারপাড় গ্রামেও শোকের আবহ নেমে আসে।
পরদিন বুধবার (৭ অক্টোবর) দুপুরে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাঁদের দাফন করা হয়।
স্থানীয়রা জানান, দুই ভাইয়ের এমন অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে পরিবারটির ওপর নেমে এসেছে গভীর শোক। জানাজা ও দাফনে স্বজনদের পাশাপাশি স্থানীয় লোকজনও অংশ নেন। এ সময় অনেককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
দুই ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে মরহুম জয়নাল আবেদীন জনু ও আব্দুল জলিলের রুহের মাগফিরাত কামনা করে তাঁদের জন্য দোয়া করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া