কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্ব পালনকারী আনসার ভিডিপি সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া। সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত ও উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রিমা আক্তারসহ আনসার ভিডিপির সদস্যরা। এবারের শারদীয় দুর্গাপূজা শান্তি পূর্ণভাবে উদযাপনে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনে কঠোর ও সজাগ থাকার আহ্বান জানান প্রধান অতিথি ইউএনও মাহমুদা জাহান। তিনি বলেন, “ধর্মীয় উৎসব সবার। দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না। ব্রিফিং শেষে ইউএনও মাহমুদা জাহান বিভিন্ন পূজামন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে দিকনির্দেশনা, প্রশাসন ও জরুরি সেবার মোবাইল নম্বর এবং শারদীয় শুভেচ্ছা সম্বলিত ফেস্টুন তুলে দেন।