“বিনামূল্যে চিকিৎসাসেবায় ১৭ বছরের পথচলা” ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৯ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডায়াবেটিস রোগীদের জন্য নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসা ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
শুক্রবার ( ১ মে ) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌলে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট ডা. মো. আতাউর রহমান জসীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক এবং ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া ) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন, পল্লী উন্নয়ন বোর্ডের ( বার্ড ) যুগ্ম পরিচালক সোনিয়া রহমান, ডায়াবেটিক সমিতির সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুবদলের সভাপতি মোস্তফা জামান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মনির, প্রবাসী বিএনপি নেতা মো. আলা উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, আবুল কালাম, স্বেচ্ছাসেবক দল নেতা মনির হোসেন, ডা. বিথী, ডায়াবেটিক সমিতির ম্যানেজার খোরশেদ আলমসহ ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গ্রামীণ পর্যায়ে ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা সহজলভ্য করা একটি বড় চ্যালেঞ্জ। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের মাধ্যমে গত ১৭ বছর ধরে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে, যা এ অঞ্চলের মানুষের জন্য এক অনন্য দৃষ্টান্ত।
তারা আরও বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনাই এ রোগ নিয়ন্ত্রণের প্রধান উপায়। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান অতিথি তার বক্তব্যে সমিতির কার্যক্রমের প্রশংসা করে বলেন, মানবসেবামূলক এই উদ্যোগ শুধু চিকিৎসা নয়, বরং একটি সচেতন সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখছে। তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • ব্রাহ্মণপাড়া