বুড়িচং বাজারে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং বাজারে ওজন ও পরিমাপের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে একটি জুয়েলারি প্রতিষ্ঠানকে সনাতন পদ্ধতি পরিহার করে স্বীকৃত ও মানসম্মত পদ্ধতিতে জুয়েলারি সামগ্রী বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বুড়িচং উপজেলার মধ্যবাজারে উপজেলা প্রশাসন, বুড়িচং ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে মুসলিম মাতৃভাণ্ডারকে ৪ হাজার টাকা, ঘোষ কেবিনকে ৫ হাজার টাকা এবং আদি ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনের ২৪(১) ধারা লঙ্ঘনের অভিযোগে ৪১ ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া হরিচরণ জুয়েলার্সকে সনাতন পদ্ধতি পরিহার করে স্বীকৃত ও মানসম্মত পদ্ধতি অনুসরণ করে জুয়েলারি সামগ্রী বিক্রয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়।
বুড়িচংয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাবলিহা আনবারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) এবং মো. রাজিব ফকির, ফিল্ড অফিসার (সিএম)।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

  • বুড়িচং