কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নিজের ছেলের নৃশংস হত্যার বিচার চেয়ে আকুতি জানিয়েছেন পিতা সাবেক ইউপি সদস্য অহিদ মিয়া। সন্তান হারানোর তীব্র বেদনা বুকে নিয়ে তিনি দ্রুত প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ জুলাই) ভোরে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামে একটি নব্য ভরাটকৃত বাড়ির উত্তর-পশ্চিম পাশে জমিতে আটকে থাকা পানিতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। নিহতের নাম আলামিন (৩৫)। তার দুই ছেলে ও ১ শিশু কন্যা রয়েছে।
সম্প্রতি ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের পর থেকেই শোকে পাথর হয়ে গেছেন পরিবারটির সদস্যরা। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পিতা অহিদ মেম্বার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অহিদ মেম্বার বলেন, আমার বুক খালি করে দিয়েছে যারা, আমি তাদের ফাঁসি চাই। একজন পিতা হয়ে সন্তানের অকাল মৃত্যু মেনে নেয়া যায় না। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যেন দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে খুনিদের আইনের আওতায় আনা হয়।
এদিকে এই মর্মান্তিক ঘটনার পর থেকেই এলাকায় তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাধারণ মানুষও এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল গণি এ প্রতিনিধিকে বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির তদন্ত অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।