বিজ্ঞান মেলায় কুমিল্লা জেলায় চ্যাম্পিয়ন ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল

লেখক: মোঃ ইমাম হোসেন
প্রকাশ: ২ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লা জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ব্রাহ্মণপাড়া উপজেলার ক্ষুদে বিজ্ঞানীরা। জেলার ১৭টি উপজেলার মধ্যে প্রকল্প উপস্থাপনায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। একইসাথে প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করে উপজেলার নাম উজ্জ্বল করেছে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়।

মেলায় বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্ভাবনী সব প্রকল্পের মধ্যে ওশান হাই স্কুলের ক্ষুদে বিজ্ঞানীদের উপস্থাপিত প্রকল্পটি বিচারকদের নজর কেড়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। অন্যদিকে, সৃজনশীল ও বিজ্ঞান মেলায় উপস্থাপনার মাধ্যমে ৩য় স্থান নিশ্চিত করে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়।

এই অভাবনীয় সাফল্যে প্রতিক্রিয়া জানিয়ে ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম ও বিজ্ঞানের প্রতি গভীর অনুরাগের ফসল। এই সাফল্য বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীর জন্য অত্যন্ত গর্বের।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিদুল করিম বলেন, “১৭টি উপজেলার মধ্যে আমাদের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এই জয়জয়কার ব্রাহ্মণপাড়ার শিক্ষা ব্যবস্থার জন্য একটি মাইলফলক। আমরা এই ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে অত্যন্ত আশাবাদী।”

সাফল্যের বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, “ব্রাহ্মণপাড়া উপজেলার ক্ষুদে বিজ্ঞানীদের এই গৌরবময় অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। ওশান হাই স্কুল এবং শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের এই সাফল্য প্রমাণ করে যে, আমাদের মেধা ও সৃজনশীলতার অভাব নেই। বিজয়ী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আশা করি, তারা পরবর্তী ধাপেও সাফল্যের ধারা বজায় রেখে আমাদের উপজেলার সুনাম অক্ষুণ্ণ রাখবে।”

এদিকে, জেলা পর্যায়ে বিজয়ী এই প্রতিষ্ঠানগুলো এখন পরবর্তী ধাপের প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল এবং শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের এই কৃতিত্বে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ।

  • ব্রাহ্মণপাড়া