ড. মোবারককে বিজয়ী করার আহ্বান কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুরের

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ২ years ago

Spread the love

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইনকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়াকালে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমাদের দুনিয়ার জীবন খুবই সীমিত। সর্বোচ্চ ষাট থেকে সত্তর বছরের জীবন। তবে এই জীবনের পরে আরও একটি জীবন আছে। যে জীবনের শুরু আছে শেষ নেই। যে জীবন অনন্তকালের। সেটি আখেরাতের জীবন। সে আখেরাতের জীবনকে সুন্দর করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জীবন দান করেছেন। এ পৃথিবীর জীবনে যেন আমরা ভালোভাবে কাজ করে আখেরাতের জীবনে ভালো থাকতে পারি। তিনি বলেন, আপনাদেরকে বলতে চাই, এ দেশে এমন একটি সংগঠন রয়েছে যে সংগঠনের মানুষ দুনিয়া ও আখেরাতের জন্য কাজ করে। এ সংগঠনের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সংগঠন করলে শুধু দুনিয়ায়ই লাভবান হবেন না বরং আখেরাতেও লাভবান হবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন এবং জান্নাতে পৌঁছাতে পারবেন। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আজকে একটা জাতীয় নির্বাচনের জন্য দেশে লড়াই চলছে। সংসদ নির্বাচন যখন হবে তখন বাস্তবেই লড়াই হবে। আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই, ৭১ থেকে ২৪ সাল এই ৫৪ বছর মানুষের তৈরি আইন দেখেছি কিন্তু আল্লাহর কোরআন ও হাদিসের আইন দেশে চলতে দেখিনি। আপনারা কি কোরআন হাদিসের আইন দেখতে চান ? আল্লাহর আইন এদেশে চালু হোক আপনারা কি চান ? তিনি বলেন, সেজন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশে এমন একটি সংসদ নির্বাচন করতে হবে যে সংসদের সদস্যরা হবে আল্লাহর প্রিয় বান্দা। যারা আল্লাহর আইনের পক্ষে জীবন দিয়ে লড়াই করে। যারা আল্লাহর আইনের কথা বলে ছাত্র জীবন থেকে শুরু করে কর্মজীবন ও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর আইনের জন্য লড়াই করে, মিছিল করে, আন্দোলন করে, বিপ্লব করে বাংলাদেশে আওয়াজ তোলে। এরকম লোককে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে। তিনি আরও বলেন, আপনাদের এই এলাকারই সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যিনি আন্দোলন বিপ্লবের সাথে জড়িত আছেন। আমি আমার জীবনে তাকে দেখেছি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তিনি আন্দোলন ও সংগ্রামের জন্য কতটা পরিশ্রম করেন। তিনি ড. মোবারক হোসাইন। তিনি আপনাদের মাঝে আছেন। কোরআন ও সুন্নাহর আইন চালু করার জন্য এমন একটি লোক দরকার যে লোক সারা জীবন কোরআন ও হাদিসের পক্ষে কথা বলবে। লড়াই করবে ও আন্দোলন করবে। তেমনই একজন ড. মোবারক হোসাইন। তাকে আপনাদের কুমিল্লা-৫ আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত করেছেন। দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য আপনারা আল্লাহর আইন কায়েম করার জন্য ড. মোবারকের মতো যোগ্য লোককে আগামীর জাতীয় সংসদের জন্য বিজয়ী করতে হবে। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী। ঘোষণা দেওয়া প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা এলাকার মৃত মুসলে উদ্দিন আহমেদের ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যের দায়িত্ব পালন করছেন।

  • ব্রাহ্মণপাড়া