কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আধুনিক মানের ঘাসের টার্ফ, নিখুঁত আলোকসজ্জা এবং খেলোয়ারদের জন্য আরামদায়ক পরিবেশে ‘সূর্যোদয় টাফ গ্রাউন্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সাহেবাবাদ ডিগ্রি কলেজ হতে ৪০০ গজ উত্তরে মিয়াজী এভিনিউ সংলগ্ন মেইন রোডের পাশে বিকেল সাড়ে ৩টায় ফিতা কেটে এ খেলার মাঠের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ (লাভলু)।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ টাফ গ্রাউন্ড নির্মাণের ফলে এলাকার তরুণ-যুবকদের খেলাধুলায় আগ্রহ আরও বাড়বে এবং সুস্থ সামাজিক পরিবেশ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে ফুটবল ও অন্যান্য আউটডোর গেমস চর্চার ক্ষেত্রে এটি স্থানীয় ছেলেদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা। উদ্বোধন শেষে স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
স্থানীয় যুবসমাজ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা আগে এমন মানসম্মত মাঠের অভাব অনুভব করতাম। এখন অনুশীলন ও খেলাধুলা আরও সহজ হবে।”
মাঠটি উদ্বোধনের মধ্য দিয়ে এলাকায় ক্রীড়া চর্চার নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।