কুমিল্লার বুড়িচংয়ে মাদক নিয়ে বিরোধের জেরে ছোট ভাই জাকিরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো. শাকিল (৩২) ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাকির ওই এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জাকির ও তাঁর বড় ভাই শাকিলের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় জাকিরকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন, দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং কপালে কাটা জখম রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
মাদক ব্যবসার টাকা-পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুরেজীত বড়ুয়া বলেন, ‘ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’