কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২০ কেজি গাঁজাসহ একজন, ৮ কেজি গাঁজাসহ আরও একজন, জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন, জিআর পরোয়ানাভুক্ত তিনজন এবং মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল-আমিন ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার দক্ষিণ চান্দলা ইউনিয়নের চান্দলা-রামচন্দ্রপুর এলাকায় জালাল খাঁনের বাড়ির দক্ষিণ পাশে মন্দবাগ-টানাব্রিজ সড়ক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রামচন্দ্রপুর এলাকার মো. রাকিব হোসেন (২৩)কে গ্রেপ্তার করা হয়।
একই দিকে এসআই ডি.এম.এ মজিদ ও এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী রেলগেট সংলগ্ন মল্লিকারদিঘী-নারায়ণপুর সড়ক থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মল্লিকারদিঘী এলাকার মো. হোসেন মিয়া (৫০)কে গ্রেপ্তার করা হয়।
এদিকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ তেতাভূমির মোসা. শিউলী আক্তারকে গ্রেপ্তার করা হয়। একই দিনে জিআর পরোয়ানাভুক্ত আসামি মিটন চন্দ্র দাস (২৫), মোসা. পাখি আক্তার ওরফে শিউলী আক্তার (২৭) এবং বাগড়া এলাকার মো. শরীফ হোসেন আকাশ (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া এসআই মো. শামীম হোসেনের অভিযানে মাদক সেবনের অপরাধে হাবিবুর রহমান (৪০)কে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তার সাত আসামিকে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।