‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যাই গ্রাম আদালতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
গ্রাম আদালতের কার্যক্রম, এর গুরুত্ব ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ’ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. ইকবাল হোসাইন।
কর্মশালায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. রমজান আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাকিলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও কম খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে আরও বেশি প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন।