স্টাফ রিপোর্টার।।
মুরগির খামারের বিষ্ঠামিশ্রিত পানি ও অন্যান্য কঠিন বর্জ্য সরাসরি খালে ফেলার অপরাধে ৪ মুরগি খামারিকে ২ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদন্ড করেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। প্রায় এক বছর ধরে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা, ও ইউনিয়ন পরিষদ, শশীদল ইউনিয়ন পরিষদের নানা বাধা ও অভিযোগ উপেক্ষা করে হরিমঙ্গল খালে সরাসরি কঠিন বর্জ্য নিক্ষেপ করে আসছিলো হরিমঙ্গল এলাকার ৪টি মুরগির খামার। সরেজমিনে দেখা যায় হরিমঙ্গলে প্রবাহমান এই খালের ময়লার স্তর জমে গিয়েছে এবং দুর্গন্ধে এলাকাবাসীর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। পাশেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি নিয়ে ইতোপূর্বে একাধিক অভিযোগ দাখিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতাধীন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭ বিধির ৩ ও ৫ উপবিধি লংঘনের অভিযোগে অভিযুক্ত চার মুরগি খামারির প্রত্যেককে ৬০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। দন্ডিতরা হলেন, ১) এস এম নাজমুল হাসান (৩৮), ২) মোঃ আনিসুর রহমান (৪৫), ৩) মোঃ ময়নাল হোসেন (৪৯), ৪) মোঃ শাহীন আলম (৫০)। প্রত্যেক মুরগির খামারিকে বায়োগ্যাস প্ল্যান্ট, সেটেলিং ট্যাংক এবং পরিশেষে স্থানীয় সরকার কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বর্জ্য অপসারণের নির্দেশনা প্রদান করে আদালত। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।