“Literacy for People, the Planet and Prosperity” (মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মুন্নী ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. শহিদুল ইসলাম শেখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলী, সমাজসেবক মোঃ জাহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের প্রত্যন্ত অঞ্চলের নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, যেসব মা-বাবা লেখাপড়া জানেন না বা নিজের নাম স্বাক্ষর করতে পারেন না, তাদের টিপসইয়ের পরিবর্তে স্বাক্ষর করতে শেখাতে হবে। পাশাপাশি যারা সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারেন কিন্তু স্মার্টফোন চালাতে পারেন না, তাদের স্মার্টফোন ব্যবহারে দক্ষ করে তুলতে হবে। এর মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সেবার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন।
সাক্ষরতার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।