ব্রাহ্মণপাড়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোয়িং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

লেখক: মোঃ ইমাম হোসেন
প্রকাশ: ২ minutes ago

Spread the love

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)-এর অধীনে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোয়িং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীতে উপজেলার ৪টি কলেজ এবং ৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। দিনব্যাপী চলা এই মেলায় শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন আধুনিক বিজ্ঞান প্রজেক্ট এবং নতুন ব্যবসায়িক আইডিয়া (স্টার্টআপ) প্রদর্শন করেন, যা দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনী প্রজেক্ট ও আইডিয়াগুলোর মাঝে তীব্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকদের চুলচেরা বিশ্লেষণ ও মূল্যায়ন শেষে প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে নাগাইশ সরকারি কলেজ, ২য় স্থান অধিকার করে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় এবং ৩য় স্থান অধিকার করে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। বক্তারা এ ধরনের বিজ্ঞান মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত এই বিজ্ঞান চর্চা ও নতুন নতুন উদ্ভাবনই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রজেক্ট মূল্যায়নে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহেদুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রাখিব হাছান।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষবৃন্দের মধ্যে খলিল উদ্দিন আখন্দ, মোঃ আবদুল কাইয়ুম, জয়নাল আবেদীন এবং প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে সভাপতি ও অতিথিবৃন্দ বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

  • ব্রাহ্মণপাড়া