কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৫ মে) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে এসআই মোঃ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (পুকুরপাড়) এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ অলি হোসেন (৩৫) নামে এক ব্যক্তির বসতবাড়ি থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, সকাল ১০টা ১০ মিনিটে এসআই সৈকত মজুমদারের নেতৃত্বে চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাল্লুকপাড়া ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে মোসাঃ মরিয়ম বেগম (৩৫) ও মোসাঃ সাথী আক্তার (২৫) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
এদিন মাদক সেবনের অপরাধে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত মাদক সেবনকারী মোঃ সোহেল আজাদকে (২৩) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ ইয়াছিনকে (১৯) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে (মঙ্গলবার) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।