ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত

লেখক: Sohel Islam
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্য শিদলাই এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক স্থানীয়দের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। এ ভোগান্তির অবসান ঘটাতে যুবক ও তরুণ সমাজের উদ্যোগে স্থানীয়রা তাদের চলাচলের একমাত্র সড়কের মেরামত কাজে এগিয়ে আসেন। এতে কয়েক দিনের মধ্যেই চলাচল অনুপযোগী সড়কি প্রাণ ফিরে পায়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার শিদলাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য শিদলাই এলাকার ওয়াছেক মেম্বার বাড়ি থেকে বাশার মেম্বার বাড়ি পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটি এখন চলাচলের উপযোগী হয়ে উঠেছে। ব্রাহ্মণপাড়া-শিদলাই সড়কের সঙ্গে সংযোগ সড়ক এটি। এ সড়কের ভাঙা অংশে কোথাও দেওয়া হয়েছে বালি ও মাটি। কোথাও দেওয়া হয়েছে ইটভাঙা। আবার বেশি ভাঙা অংশে খালের পাড়ে বাঁশ বসিয়ে বেড়া তৈরি করে দেওয়া হয়েছে মাটি, ইটভাঙা ও পাথর ভাঙা। তবে গত কয়েকদিন আগেও চরম ভোগান্তি সহ্য করে এই সড়ক দিয়ে চলাচল করতে হয়েছে স্থানীয়দের। স্থানীয় তরুণ ও যুবসমাজ নিজ উদ্যোগে এই সংস্কার কাজ করে সড়কটিকে চলাচলের উপযোগী করে তুলেছেন। এতে অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
সড়ক সংস্কারের এ উদ্যোগটি নেন ওই এলাকার মোহাম্মদ আল আমিন নামে এক যুবক। তিনি বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর এ সড়কটির বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওয়াছেক মেম্বার বাড়ি থেকে বাশার মেম্বার বাড়ি পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে এই এলাকার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আমিসহ স্থানীয় তরুণ ও যুবকদের নিয়ে সড়কটি মেরামতের উদ্যোগ নিই। পরে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেন এ এলাকার অনেকেই। যার ফলে কম সময়েই আমরা সড়কের ভাঙা অংশগুলো মেরামত করে সড়কটি চলাচলের উপযোগী করে তুলি।
শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, আমার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য শিদলাই এলাকার ব্রাহ্মণপাড়া-শিদলাই সড়কের সংযোগ সড়কটি এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় যুবক ও তরুণরা উদ্যোগ নিয়ে সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করে তুলেছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সময়োপযোগী এই উদ্যোগের জন্য স্থানীয় তরুণ ও যুবসমাজসহ ওই এলাকার বাসিন্দাদের ধন্যবাদ জানাচ্ছি।

  • ব্রাহ্মণপাড়া