পবিত্র মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এবং ঈদুল ফিতর কাছে আসছে। ঈদের দিনটিকে আনন্দময় করে তোলতে পরিবার পরিজন নিয়ে প্রতিটি মার্কেটে হুমড়ি খেয়ে পড়ছে নারী পুরুষ। যার ফলে সড়কে বাড়ছে গাড়ীর চাপ। এতে কুমিল্লা-মীরপুর এমএ গণি সড়কের ভরাসার বাজার, বুড়িচং বাজার, সাহেবাবাদ বাজার এবং ব্রাহ্মণপাড়া বাজারে ব্যাপক যানজটের সৃৃৃৃৃৃৃৃৃৃষ্টি হচ্ছে। তা ছাড়া দিনের বেলায় মালবাহী গাড়ী থেকে মালামাল লোড আনলোড করার ফলে যানজটের অন্যতম কারণ বলে অনেকেই মনে করেন। ভরাসার, বুড়িচং, সাহেবাবাদ, ব্রাহ্মণপাড়া বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় সড়কের উপর এলোমেলো ভাবে গাড়ী দাঁড় করিয়ে যাত্রী উঠা নামা করার কারণেও যানজটের সৃষ্টি হয়। যার ফলে দু-উপজেলাসহ ব্রাহ্মণবাড়িয়া এলাকার লোকজনের যাতায়াতে দূর্ভোগ পোহাতে হয়। বিগত বছর মাহে রমজান মাস উপলক্ষে সড়কে যানজট মুক্ত রাখার জন্য বুড়িচং উপজেলা প্রশাসনের পক্ষ ভরাসার বাজার ও বুড়িচং বাজারে দুই শিফটে এবং ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া দুই শিফটে আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল। এতে কুমিল্লা-মীরপুর সড়কে যাতায়াতকারী যাত্রীরা যানজটের কবল থেকে মুক্ত ভাবে যাতায়াত করতে পেরেছে। কিন্ত এ বছর দুই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারগুলোতে আনসার সদস্য নিয়োগ না দেওয়ায় চালকরা নিজেদের ইচ্ছেমত সড়কে এলোপাথারী যানবাহন রাখার কারণে যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা গাড়ীতে বসে থাকতে হয়। তাছাড়া বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন রোগীদের জরুরী ভাবে কুমিল্লায় নেওয়ার পথে যানজটের কারণে অনেক রোগী রাস্তায় মারা যায়। এই যানজটের সুযোগে কিছু অসাধু ড্রাইভার অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে খেটে খাওয়া মানুষ ও ছাত্র-ছাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। বুড়িচং উপজেলার যাত্রী মোঃ কবির হোসেন বলেন, বিগত বছর বুড়িচং বাজারে আনসার সদস্য মোতায়েন করার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছিল। সড়ক যানজট মুক্ত ছিল। যাতায়াত করতে কোন ভোগান্তি পোহাতে হতো না, কিন্ত এ বছর সড়কের উপর অবস্থিত বাজারগুলোতে আনসার সদস্য না থাকায় ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লাগামী এক যাত্রী জানান, প্রতিনিয়ই আমাকে কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়ায় আসা-যাওয়া করতে হয়। আসা যাওয়ার সময় সড়কের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারি না। তাছাড়া যানজটের কারণে অনেক ড্রাইভার ভাড়া বৃদ্ধি করে ফেলে। ফলে আমাদের মতো সাধারন যাত্রীদের অনেক কষ্ট ভোগ করতে হবে। সচেতন মহল মনে করেন কুমিল্লা মীরপুর সড়কের উপর অবস্থিত বাজারগুলোতে যানজট নিরসনের জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঠিক তদারকি করতে হবে। তাহলে যানজটের ভোগান্তী এবং ভাড়া নৈরাজ্য থেকে মুক্তি পাবে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার জনগন।