কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার দিনেও নিষ্ক্রিয় করা হয়নি নদী থেকে উদ্ধার করা মর্টার শেল। নদী থেকে উদ্ধার হওয়ার চারদিন অতিবাহিত হলেও এখনো আসেনি বোম ডিসপোজাল দল। এ নিয়ে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে স্থানীয় পুলিশ প্রশাসন বলছে, নদী থেকে উদ্ধার করা মর্টার শেল সদৃশ বস্তুটি পরীক্ষা নিরীক্ষার জন্য বোম ডিসপোজাল দলকে লিখিতভাবে জানানো হয়েছে। তারা আসলেই পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়রা জানান, মর্টার শেল সদৃশ বস্তুটি উদ্ধারের পর ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে উদ্বার হওয়া মর্টার শেলটি হেফাজতে রেখেছিল। তবে গত দু’দিন ধরে গ্রাম পুলিশও আর আসছে না। এটি বর্তমানে উপজেলার নাগাইশ এলাকার কামাল হোসেনের বাড়িতে অরক্ষিত অবস্থায় রয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ এলাকার জেলে কামাল হোসেন তার সহযোগিদের নিয়ে ঘুঙুর নদীতে মাছ ধরতে যায়। এ সময় তাদের জালে উঠে আসে মর্টার শেল সদৃশ একটি বস্তু। পরে তারা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার করা বস্তুটির পাহারায় স্থানীয় গ্রাম পুলিশের এক সদস্যকে নিযুক্ত করেন। ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মর্টার শেল সদৃশ বস্তুটি উদ্ধারের পর আমরা বোম ডিসপোজাল দলকে অবহিত করেছি।