কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে ঈদুল আজহার পর থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাতভর অভিযান চালাচ্ছে পুলিশ। দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীন এর নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাত ১০টা থেকে ভোর পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পাড়া-মহল্লা, রাস্তার মোড়, দোকানপাট ও সড়কের পাশে আড্ডায় থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হয়। সদুত্তর পেলে তাদের ছেড়ে দেওয়া হলেও, ভবিষ্যতের জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং রাত ৯টার পর ঘরের বাইরে না থাকার নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, বিনা প্রয়োজনে যদি রাত ৯টার পর কোনো কিশোর আড্ডায় ধরা পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজন কিশোরকে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান কর্মকর্তারা।
এই উদ্যোগ উপজেলায় ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকেরা পুলিশের এমন কার্যক্রমের প্রশংসা করে বলেন, কিশোরদের বিপথগামী হওয়া থেকে ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান চালু রাখা জরুরি।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীন বলেন, “ঈদের পর থেকে ব্রাহ্মণপাড়ায় কিশোর অপরাধ রোধে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। প্রথম ধাপে কিশোরদের সতর্ক করা হচ্ছে। এরপর যদি কেউ নিয়ম অমান্য করে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”