কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ মোশরফা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ১১ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার সীমান্তবর্তী এলাকা শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোশরফা বেগম (৩৭) কক্সবাজার জেলার চকরিয়া থানার বড়ইতুলি গ্রামের মৃত আবদুল করিম দাদের মেয়ে। পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় এক নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।