যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার  

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, মারধরের কারণে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং হাতের হাড় ভেঙে যায়।

 

শুক্রবার ( ৭ আগস্ট ) পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর গ্রাম থেকে অভিযুক্ত স্বামী মো. নাজমুল হাসান সুজনকে ( ২৮ ) গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. নাজমুল হাসান সুজন ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

 

এর আগে এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী মোসা. তাহমিদা আক্তার জোহরা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ( ৫ আগস্ট ) বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে স্ত্রী মোসা. তাহমিদা আক্তার জোহরাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে চাপ দেন সুজন। তার স্ত্রী এতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর তা বাকবিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে সুজন তাকে মারধর করেন। সুজনের মারধরে স্ত্রী জোহরা গুরুতর আহত হন এবং তার ডান হাতের হাড় ভেঙে যায়।

 

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে মামলা হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

  • ব্রাহ্মণপাড়া