আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গৃহীত হয়েছে নানামুখী পদক্ষেপ। এর মধ্যে রয়েছে পূজামণ্ডপে নিয়মিত টহল, সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক দলের সক্রিয় অংশগ্রহণ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং গুজব প্রতিরোধে কঠোর নজরদারি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় বক্তারা বলেন, কোনো দুষ্কৃতিকারী বা ষড়যন্ত্রকারী যেন উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি গুজব প্রতিরোধে সর্বসাধারণকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, পূজামণ্ডপ কমিটি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করে যেকোনো অপচেষ্টা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সচেষ্ট থাকতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাই দুর্গাপূজাকে সাফল্যের সঙ্গে সম্পন্ন করার মূল শক্তি বলে উল্লেখ করেন তারা।
এছাড়া উপজেলায় মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, যানজট নিরসন, চুরি, ডাকাতি, অবৈধ ড্রেজার মেশিন ও চোরাচালান প্রতিরোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া, কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক মো. হাবিবুর রহমান, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়ক মো. জহিরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, মো. আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য মোঃ সোহেল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. মাসুদ আলমসহ অনেকে।
সভা থেকে শারদীয় দুর্গাপূজা ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।