ব্রাহ্মণপাড়ার মালাপাড়ায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৫ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে ইউনিয়ন পরিষদ-সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

মালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মাদকবিরোধী একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সচেতনতামূলক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীন।

সমাবেশে আরও বক্তব্য দেন মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল হক।

বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

র‍্যালি ও সমাবেশে মালাপাড়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

  • ব্রাহ্মণপাড়া