ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ খোরশেদ আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম ও সিনিয়র শিক্ষক সৈয়দ মোস্তফা কামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক জাওয়াতা আফনান তামান্না, নারগিছ আক্তার, নাজমা বেগম, মোসা. রানুয়ারা বেগম, মো. আল আমিন, মো. মহিবুল্লাহ, শারমিন আক্তার, সহকারী শিক্ষক সন্দীপ কুমার দাস, পুষ্পা রানী ভৌমিক, মোসা. আঞ্জুমান আরা, ননুরুন্নাহার পারভেজ, কাজী শফিনাজ বেগম, মো. মহিববুল্লাহ, অনিতা রানী পাল, মো. ইয়াসিন খান, তাহমিনা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং এসব কুফল সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন।
ইউএনও আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে হবে। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন বড় করার এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইউএনও মাহমুদা জাহানসহ অন্যান্য অতিথিগণ।

  • ব্রাহ্মণপাড়া