কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় খালের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ পরিষ্কার-অভিযান। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার নাইঘর হরিমঙ্গল খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাল দখল করে পাতা ভেসাল জাল ও বাঁশ অপসারণ করা হয়। একইসঙ্গে ব্রাহ্মণপাড়া টু নাইঘর খালের কিছু অংশ থেকে কচুরিপানাও পরিষ্কার করা হয়, যাতে পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসে। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এছাড়া স্থানীয় ইউপি সদস্য, আনসার সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘সম্প্রতি দেখা যাচ্ছে, বিভিন্ন খালে ভেসাল জাল ও বাঁশ বসিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে একদিকে যেমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কৃষিজমিতেও পানি জমে চাষাবাদ ব্যাহত হচ্ছে। আজকের অভিযানে আমরা ব্রাহ্মণপাড়া-নাইঘর খালের বেশ কিছু অংশ থেকে অবৈধভাবে বসানো ভেসাল জাল ও বাঁশ অপসারণ করেছি। পাশাপাশি খালের কিছু অংশ থেকে কচুরিপানাও পরিষ্কার করা হয়েছে। আমরা ইতোমধ্যে সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করে দিয়েছি। বাকি বাঁশগুলো সরিয়ে ফেলার জন্য মালিকদের বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করবো। খাল ও জলাশয়গুলোর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে আমরা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই।’ উল্লেখ্য, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কৃষিজমিতে পানি জমে থাকা রোধে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাকে গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন।