কুমিল্লার লালমাইয়ে বিক্রির উদ্দেশ্যে পারিবারিকভাবে ইয়াবা সংরক্ষণ ও সেবন করার অপরাধে উপজেলার ফাজিলপুরে মা ও দুুই ছেলেসহ একই পরিবারের ৪জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় লালমাই আর্মি ক্যাম্প ও লালমাই থানা পুলিশে সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ফাজিলপুর (গজারিয়া সংলগ্ন) গ্রামের ফজুর বাড়িতে অভিযান শেষে এই দন্ডাদেশ দেন। বিগত তিন দশক ধরে ওই পরিবারটি প্রকাশ্যে মাদকের বেচাকেনা করছে বলে স্থানীয়রা জানান। দন্ডপ্রাপ্তরা হলেন-ফাজিলপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শামীম (৪৩), মামুন (১৮), শামীমের মা পারভীন (৬০) ও খালা বেলায়েতুননেছা (৫০)। অপরাধ বিবেচনায় ভ্রাম্যমান আদালত মাদকব্যবসায়ী শামীম ও মামুনকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং তাদের মা পারভিন ও খালা বেলায়েতুননেছাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। ফাজিলপুর ও গজারিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে জানান, ফাজিলপুর গ্রামের এই পরিবারটি বিগত ৩০ বছর ধরে মাদকের ব্যবসা করে আসছে। প্রথমদিকে দন্ডপ্রাপ্ত পারভীনের শ্বাশুড়ী ফজু এই ব্যবসা শুরু করেছিলেন। পরবর্তীতে পারভীনের স্বামী দুলাল মিয়া মাদকের বেচাকেনা করতেন। বর্তমানে পারভীন, তার দুই ছেলে ও বোন এই ব্যবসায় সম্পৃক্ত। তাদের বাড়িতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের আনাগোনা থাকতো। আশেপাশের প্রতিটি গ্রামেই তাকে একাধিক বিক্রয়কর্মী রয়েছে। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম বলেন, একই পরিবারের ৪জনকে মাদক ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমান আদালত সাজা দিয়েছেন। দন্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, সেনা ও পুলিশ সদস্যদের সহায়তায় বৃহস্পতিবার রাতে ফাজিলপুরে অভিযান পরিচালনা করা হয়েছে। একটি পরিবারের সবাই মাদকের বেচাকেনায় সম্পৃক্ত। অপরাধ স্বীকার করায় ৪জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড- দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।