কুমিল্লার বুড়িচংয়ের আলোচিত যুবদল নেতা কামাল হোসেন ওরফে ফেন্সি কামালকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার জগতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকায় স্থানীয়ভাবে তিনি ‘ফেন্সি কামাল’ নামে পরিচিত। একই দিনে যৌথবাহিনী অফিভযান চালিয়ে দেলোয়ার হোসেন ও সারদুল ইসলাম নামে আরো দুই মাদককারবারিকে গ্রেফতার করে। সে সময় ২১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই যুবদল নেতা ফেন্সি কামালকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, শুক্রবার ভোরে ২১০টি ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদে আটকরা জানান- ‘কামাল হোসেন নামে একজনের কাছ থেকে মাদক সংগ্রহ করেছেন। তাদের স্বীকারোক্তিতে যৌথবাহিনী কামালকেও গ্রেফতার করে। কামালের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা তিনি।