ব্রাহ্মণপাড়ায় যুবসমাজের মাদকবিরোধী উদ্যোগ, বহিরাগত মাদকসেবীদের প্রবেশ বন্ধ

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল ও তেতাভূমি এলাকায় স্থানীয় যুবসমাজ মাদকবিরোধী এক উদ্যোগ হাতে নিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তারা এলাকায় মাদকসেবন ও বহিরাগত মাদকসেবীদের প্রবেশ বন্ধ করতে সচেষ্ট। গত বুধবার (২ এপ্রিল) বিকেলে দেখা যায়, যুবকরা বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লার মোড়ে অবস্থান নিয়েছেন, যার ফলে মাদকসেবন করতে আসা বহিরাগতরা সীমান্ত এলাকা পার হওয়ার আগেই বাধার মুখে পড়ছেন এবং ফিরে যাচ্ছেন। স্থানীয় যুবকরা জানান, ৩০ মার্চ (রোববার) থেকে ৬ এপ্রিল (রোববার) পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির দিনগুলোতে সীমান্তবর্তী এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। এরই মধ্যে স্থানীয় যুবসমাজ সিদ্ধান্ত নেয়, তারা এলাকার প্রবেশপথে ও পাড়া-মহল্লার মোড়ে অবস্থান নিয়ে মাদকসেবীদের প্রবেশ ঠেকাবে। শশীদল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুমন মিয়া এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, “এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমাদের এলাকাটি ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় বহিরাগতদের আনাগোনা অনেক বেশি। যুবকদের এই উদ্যোগের মাধ্যমে এলাকার মাদক সমস্যা অনেকটাই কমানো যাবে। এসময় তিনি, মাদক প্রতিরোধে যুবকদের মতো সকল শ্রেণি-পেশার লোকজনকে এগিয়ে আসার আহবান জানান। এ মাদকবিরোধী কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় যুবকরা সহ বিভিন্ন ব্যক্তিত্ব, যাদের মধ্যে ছিলেন আবুল হাশেম, মজিবুর রহমান, মোহাম্মদ আলী, আলম মিয়া, আনিসুর রহমান, জুয়েল রানা, গোলাম হাক্কানী, শরীফ রানা, বাবুল ডাক্তার, ফিরুজ মিয়া, বাবুল মিয়া ও স্থানীয় আরও অনেক তরুণ।

  • ব্রাহ্মণপাড়া